বিশ্বের ১৮টি দেশের ১৯ জন কূটনীতিক কক্সবাজার জেলায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছেন। আজ রোববার তাঁরা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যান এবং তাঁদের সঙ্গে কথা বলেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি বেলা ১১টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। পরে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।
জেলা প্রশাসক আলী হোসেনসহ অন্য কর্মকর্তারা এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রাথমিক তথ্য উপস্থাপন করা হয়।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সফররত রাষ্ট্রদূতগণ কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক রোহিঙ্গাদের নিরাপত্তা, খাদ্য, পুষ্টি, বস্ত্র, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ও স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতদের অবহিত করেন।
জেলা প্রশাসক আলী হোসেন জানান, বিদেশি রাষ্ট্রদূতগণ রোহিঙ্গা ক্যাম্পে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন।
তাঁরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পরে দুপুর দেড়টার দিকে কূটনীতিকরা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের বিশেষ আমন্ত্রণে এই কূটনীতিকরা বাংলাদেশ সফরে এসেছেন। দেশগুলো হচ্ছে, বসনিয়া হারজেগোভিনা, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মরিশাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইউক্রেন, জাম্বিয়া, নাইজেরিয়া, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ঘানা, নিউজিল্যান্ড, কেনিয়া ও ফিজি।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার রাকিবুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমআর





