বিরোধীদের বাড়িতে নিজের অনুগামীদের পাঠিয়ে‘রেপ’ করার হুমকি ভিডিও প্রকাশ্যে এসেছিল সোমবার। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিড়ম্বনায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
মঙ্গলবার এক গণমাধ্যমের সম্প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে, তাপস পাল ফের অশ্রাব্য ও অশালীন ভাষায় বিরোধীদের কেটে ফেলার হুমকি দিচ্ছেন। ফুটেজে দেখে স্পষ্ট, তাপস পাল বলছেন,‘সিপিএমের বাচ্ছাদের কেটে ফেলুন। মা-বোনেদের বলছি, বঁটি চেনে তো? সেই বঁটি দিয়ে গলার নলিটা নামিয়ে দিন।’
এখানেই থেমে থাকেননি তাপস। তিনি আরও বলেন, টাঙি দিয়ে ওদের(সিপিএম) মাথা ফাঁক করে দিন।’১৪ জুন গোপীনাথপুরে এক জনসভায় এই কথা বলেন তাপস পাল। এই জনসভায় আরও বিস্ফোরক তাপস। তিনি বলেন, সিপিএমের লোকেদের কেলিয়া দাওনি কেন? দু-চারটে মাডার করতে পারো না? করে দেখাও দেখি। দেখি কোন বাবা তোমাকে ধরে নিয়ে যায়?’
সোমবার নিজের অনুগামীদের পাঠিয়ে রেপ করার হুমকি দেন তাপস। সেই ফুটেজ সম্প্রচারিত হতে দেশজুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। বিরোধী দলগুলির তুমুল সমালোচনার মুখে পড়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয় তাপস পালকে। যদিও কোনও তাঁকে গ্রেফতার বা শাস্তি নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাপস প্রসঙ্গ এড়িবে গিয়েছেন।
কিন্তু তাপসকে নিয়ে দলের অস্বস্তি বেড়েই চলেছে। তাপস পালের নয়া আর একটি ফুটেজ প্রকাশ্যে আসতেই ফের বেজায় অস্বস্তিতে তৃণমূল। এই ফুটেজে তাপসের ভাষা ও আচরণ আরও মারমুখী। তাপসের সাংসদ পদ খারিজের দাবি তুলেছে সিপিএম-বিজেপি। যদিও তৃণমূলের মুখে এখনও কুলুপ।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





