সাঁতার না জানলে শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রী দেয়া হবে না, এমন সিদ্ধান্ত নিয়েছে চীনের একটি বিশ্ববিদ্যালয়।

গত সোমবার 'প্রাচ্যের হার্ভার্ড' খ্যাত চীনের শিংহুয়া বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নিয়মে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের বলা হয়েছে, স্নাতক ডিগ্রি পেতে হলে তাদেরকে অবশ্যই আগে সাঁতার শিখতে হবে।

নতুন ছাত্রদের যেকোনো ধরনের সাঁতারে অন্তত ৫০ মিটার পার হবার দক্ষতা থাকতে হবে। ভর্তি পরীক্ষার সময় কেউ সাঁতার না জানলেও স্নাতক শেষ হওয়ার আগেই তা শিখে নিতে হবে।

তবে গ্রাজুয়েট ডিগ্রির সঙ্গে সাঁতার শেখাকে এভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেছেন, যে দেশ এখন খরা মোকাবিলা করছে - সেখানে এ পদক্ষেপের যুক্তি কি?

একজনের প্রশ্ন ছিল, চীনে যে এলাকায় নদী বা সাগর নেই সেখানকার ছাত্রদের তাহলে কি হবে?

কিন্তু বিশ্ববিদ্যালয়ে বলছে, সাঁতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা, এটা শারীরিক ফিটনেস বাড়ায়। তা ছাড়া দেশের সেরা মাথাওয়ালা যারা - তাদেরকে সুইমিং পুলেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।

১৯১৯ সালেও এ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য সাঁতারকে একটি পূর্বশর্ত করা হয়েছিল। কিন্তু বেইজিং-এ সুইমিং পুলের অভাবে এটা আবার বাদ দেয়া হয়েছিল।

এমই