সৌদি আরবে শিয়া ধর্মীয় ব্যক্তিত্বকে মৃত্যুদণ্ড দেওয়ায় দেশটির রাজ পরিবারের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছে ইরানি রেভ্যুলেশনারি গার্ড। খবর রয়টার্সের।
সৌদি আরবে গত শনিবার ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে শিয়া ধর্মীয় নেতা নিমার আল-নিমারও রয়েছেন। তিনি সৌদি রাজতন্ত্রবিরোধী আন্দোলনে সক্রিয় নেতা ছিলেন।
এ মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের পরপরই গত শনিবার সৌদিতে ক্ষমতাসীন সুন্নি রাজ পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরানি রেভ্যুলেশনারি গার্ড। ইরানি সামরিক বাহিনীর এ দলটি দেশটির ইসলামী শাসন রক্ষায় কাজ করে থাকে।
এদিকে সৌদিতে এই মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে ইরানসহ বিভিন্ন দেশে বিক্ষোভ করেছে শিয়ারা। তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে রবিবার সকালে বিক্ষোভ প্রদর্শন করেছে ইরানিরা।
এ সময় দূতাবাসের সামনে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনার পরপরই বিক্ষোভকারীদের শান্ত হওয়ার হওয়ার আহ্বান জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখতেও আহ্বান জানানো হয়েছে।
ওদিকে এ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইরাক ও যুক্তরাষ্ট্রেও বিক্ষোভ করেছে শিয়ারা।
এমকে





