শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আবর্জনার ‘পাহাড়’ ধসে পাঁচ শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে আরো বেশ কয়েকজনকে। নিখোঁজ ব্যাক্তির সংখ্যা ঠিকমতো না বলতে পারলেও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে গতকাল শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

কলম্বো ন্যাশনাল হাসপাতালের মুখপাত্র পুষ্প সোয়সা বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে অল্প বয়সী পাঁচটি শিশু রয়েছে। তাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। পুষ্প আরো বলেন, কোলোন্নাওয়া হাসপাতালে মোট ২১ জনকে ভর্তি করা হয়েছিল।

দেশটিতে একটি ঐতিহ্যবাহী উত্সব চলাকালে তিনশ’ ফুট অর্থ্যাৎ প্রায় ৯১ মিটার উঁচু আবর্জনার স্তূপটি শুক্রবার রাতে পার্শ্ববর্তী প্রায় ৪০টি বাড়িঘরের ওপর ধসে পড়ে। এতে ২০ জনের মতো মানুষ আবর্জনার নিচে চাপা পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার তত্পরতা অব্যাহত ছিল। দেশটির সেনাবাহিনী উদ্ধার তত্পরতা সমন্বয় করছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ওই ময়লার ফেলার স্থানটিতে প্রতিদিন প্রায় আটশ’ টন ময়লা ফেলা হতো বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
জেড