ইরাকজুড়ে বিভিন্ন স্থানে ১০টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। হামলাগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কয়েকটি হামলায় অন্ততপক্ষে ২৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এসব হামলায় আহত হয়েছেন আরো অনেক মানুষ।

বিশেষ করে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও শিয়া আধা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্তদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। দেশটির উত্তর এবং পশ্চিমাঞ্চলের উল্লেখযোগ্য অংশ দখলকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এসব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে। একটি রেস্টুরেন্টে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে অন্ততপক্ষে ১৪ জন নিহত হন।

এই রেস্টুরেন্টটি শিয়া আধা সামরিক বাহিনীর সদস্যদের কাছে খুব জনপ্রিয়। আধা সামরিক এই বাহিনীটি ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা পালন করছে। অন্যান্য হামলাগুলো চালানো হয় দক্ষিণাঞ্চলীয় শহর বশরা, বাগদাদ মাশাদায়। সাম্প্রতিক মাসগুলোতে শিয়া আধা সামরিক বাহিনী ও মার্কিন বিমান হামলার সহায়তায় ইরাকের সরকারি বাহিনী আইএসের দখলে থাকা দেশটির অনেক অংশ পুনর্দখল করেছে।

রোববার ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর হিত আইএসের দখলমুক্ত করতে তারা অনেকদূর অগ্রসর হয়েছে। শহরটি ১৮ মাস ধরে আইএসের দখলে রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, বাগদাদ থেকে ১৪০ কিলোমিটার দূরের শহর হিতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের ধীরে ধীরে অগ্রসর হতে হচ্ছে। কারণ আইএসের সদস্যরা পথে শত শত বোমা পেতে রেখেছে। বিবিসি।

এআই