পুরুষ ও নারীর অনুপাতে চরম বৈষম্যের ফল! বরকে ঠকিয়ে পালাল কনে। পুরুষ ও নারীর অনুপাতে ক্রমবর্ধমান বৈষম্যের কারণে এ ধরনের প্রতারণার শিকার হতে হল বলেই মনে করা হচ্ছে।
টাকার বিনিময়ে কনে খুঁজে বিয়ে করে প্রতারণার শিকার হলেন ভারতের রাজস্থানের এক বাসিন্দা। তাকে সেলুনে পাঠিয়ে সেই সুযোগে পালিয়ে গেল তাঁর স্ত্রী। দীনেশ যোশী নামের রিষবদেবের এক বাসিন্দা সুরাজপোল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। দীনেশের অভিযোগ, তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী পুষ্পা দুই মহিলার সঙ্গে পালিয়ে গেছে।
দীনেশ মহারাষ্ট্রের তরুণী পুষ্পাকে বিয়ে করেছিলেন। এ জন্য কনের বাবা-মাকে দেড়লক্ষ টাকা দিয়েছিলেন। আর যে ঘটকালি করেছিল সেই আত্মারামকে ৫০ হাজার টাকা দিয়েছিলেন। রিষবদেবে পুষ্পাকে এনে তিনি বিয়ে করেন। স্ত্রীর কথায় হনিমুনের জন্য তিনি উদয়পুরে আসেন।
গত শুক্রবার দীনেশকে পুষ্পা সেলুনে যেতে বলে। ওই সময় সেলুনের বাইরে দাঁড়িয়েছিলেন পুষ্পা। যখন ভেতরে ছিলেন দীনেশ ঠিক তখনই একটি অটো রিক্সায় করে দুই মহিলা সেলুনের বাইরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে ওই অটোতে চেপে পালিয়ে যায় পুষ্পা। ঘটনায় স্তম্ভিত হয়ে যান তিনি।
এরপর দীনেশ পুষ্পাকে আর খুঁজে পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে দীনেশ পুষ্পা ও আত্মারামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।সূত্র: এবিপি আনন্দ
ইআর





