ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তাদের চলমান যুদ্ধ দীর্ঘ হবে এবং আল্লাহ চাইলে শত্রুরা পরাজিত হবে।

হামাসের সামরিক শাখার শীর্ষ পর্যায়ের তিন কমান্ডারের শাহাদাতের বিষয়ে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন। হামাসের তিন কমান্ডার মুহাম্মাদ আবু শামালা, মুহাম্মাদ আবু বারহুম এবং রায়েদ আল-আত্তারের বর্বর এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে হানিয়া বলেন, হামাস কমান্ডারদের শাহাদাতের মাঝদিয়ে এ সংগঠন কেবল শক্তিশালীই হবে।

ইসমাইল হানিয়া পরিষ্কার করে বলেছেন, হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার যুদ্ধ দীর্ঘ হবে। ইসরাইলের বিরুদ্ধে হামাস যুদ্ধ অব্যাহত রাখবে এবং গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনোকিছু মেনে নেবে না বলেও তিনি ঘোষণা দিয়েছেন।

এর আগে, হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, তিন কমান্ডারকে হত্যার মাধ্যমে ইসরাইল বড় অপরাধ করেছে। এর জন্য কঠিন মূল্য দিতে হবে তেল আবিবকে। (সূত্র, রেডিও তেহরান)

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর