সৌদিতে তালাকপ্রাপ্তা ও বিধবা নারীদের সরকার থেকে আবাসিক সুবিধা দেয়া হবে। বিদেশি নাগরিকদের বিয়ে করলে এ বিশেষ সুবিধা পাবেন তারা।
রোববার দেশটির গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় একটি পত্রিকা এ বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে সৌদি পুরুষরা বিদেশি নারী বিয়ে করলে এ ধরনের সুবিধা পেতেন।
তবে সৌদি নারীদের ক্ষেত্রে এই সুবিধা নিয়ে বেশ জটিলতা ও মতবিরোধ ছিল। সম্প্রতি সব ধরনের জটিলতার অবসান ঘটিয়ে নারীদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা দেয়া হলো।

মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রজ্ঞাপন জারি করে বিষয়টির সমাধান করা হয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি।

মন্ত্রণালয়ের তথ্য মতে, শুধুমাত্র চার ধরনের নারীরা সরকারি বসতবাড়ির এ সুবিধা পাবেন। যাদের আগের ঘরের ছেলে-মেয়ে রয়েছে তারাও এই সুবিধার আওতাধীন হবেন।

এখানে ৭০ ভাগ মানুষের নিজস্ব কোনো বাড়িঘর নেই। প্রথম নিয়মে মন্ত্রণালয় বলছে, সৌদি নারীরা বিদেশি পুরুষদের বিয়ে করে তাদের সন্তানদের দেখভাল করলে সরকারি বসতবাড়ির ব্যবস্থা করা হবে।

তবে সন্তানদের বয়স ২৫ বছরের বেশি হলে হবে না। বাড়ির দেখভাল সৌদি নারীকেই করতে হবে। দ্বিতীয় নিয়মে, সৌদি নারী যার বিবাহ বিচ্ছেদ হয়েছে। সেই সাথে যার ২৫ বছরের নিচে সন্তান ও অবিবাহিত মেয়ে রয়েছে, তারা এই সুবিধা পাবেন। তৃতীয় ক্ষেত্রে, বিধবা নারী যিনি ২৫ বছরের নিচে সন্তানদের দেখভাল করেন তারা এ সুবিধা পাবেন। চতুর্থ হলো, এতিম মেয়ে সন্তান যার মা সৌদি নাগরিক নন। তবে তিনি সেই এতিম মেয়ের দেখভালকারী হলে সরকারি বাড়ির সুবিধা পাবেন।
সৌদি গণপূর্ত মন্ত্রণালয় আরও বলছে, সরকারি বাড়ি দেওয়ার আগে আবেদনকারীর সব বিষয়ে তদন্ত করা হবে। সব বিষয়ে নিশ্চিত হওয়ার পরই প্রতিটি পরিবারকে আনা হবে এই সুবিধার আওতায়।

গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের স্বচ্ছতা, সুবিচার নিশ্চিত ও আইন কানুন মেনেই সুবিধা বঞ্চিতদের এই বিশেষ সুবিধা বলেও জানায় মন্ত্রণালয়।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর