নতুন করে নিউক্লিয়ার প্লান্ট বা পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করল জাপান। নিরাপত্তার নয়া নীতি প্রণয়নের পর এটাই দেশটির প্রথম পারমাণবিক চুল্লি চালুর ঘটনা। খবর বিবিসির।
২০১১ সালে ফুকুশিমা বিপর্যয়ের পর জাপানে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।
সুনামি ও ভূমিকম্পের ফলে ফুকুশিমা বিপর্যয়ের কারণে দেশটিতে একে একে সবকটি পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল।
নতুন নিরাপত্তা আইনের সবগুলো ধাপের পরীক্ষায় পাস করার পরেই কিয়ুশু বৈদ্যুতিক শক্তিকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সেন্দাই প্রকল্পের সেরা এই বিদ্যুৎকেন্দ্রটি চালু হয়েছে।
এদিকে, এ ধরনের চুল্লি চালু করা উচিত নয়—এই দাবি তুলে প্রতিবাদ করে আসছে বিরোধীরা। সেন্দাই প্রকল্পের বাইরে এবং টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো আবের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফুকুশিমার মতো দুর্ঘটনা কখনোই ঘটবে না—এমন ঘোষণা দেওয়া হলে জনগণের আস্থায় আরও চিড় ধরে। নতুন নিরাপত্তা আইনকে যথেষ্ট শক্তিশালী মনে করেন না বলে স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা।
এদিকে, আরও ২৫টি প্রকল্প নতুন করে যাত্রা শুরুর জন্য আবেদন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে সেসব পারমাণবিক চুল্লি।
এমকে





