ভারতের কেরালা রাজ্যের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন শীলা দীক্ষিত। গভর্নরের পদে তিনি মাত্র সাত মাস ছিলেন। গতকাল সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছিলেন তিনি।
মে মাসে ক্ষমতায় আসে বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সিদ্ধান্ত নেয় আগের সরকারের নিয়োগ করা ডজন খানেক রাজ্য গভর্নরকে সরানো হবে। শীলা দীক্ষিতসহ ৭ গভর্নরকে সেই তালিকায় আনা হয়। এর জেরেই তারা পদত্যাগ করেন বলে মত রাজনৈতিক মহলের।
উত্তরাখণ্ড গভর্নর আজিজ কুরেশি সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন। গভর্নরের বদলি রাষ্ট্রপতির হাতে। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি।
পদত্যাগের পর দিল্লিতে ফিরে আসবেন শীলা দীক্ষিত। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে সাংগঠনিক কাজে যোগ দেবেন তিনি। সূত্র: জি নিউজ
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





