জার্মানি ঐতিহাসিক বার্লিন প্রাচীর পতনের ২৫ বছর পূর্তি উদযাপন শুরু করেছে। ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীরের পতনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে ইউরোপের দীর্ঘতম স্নায়ু যুদ্ধের।

স্নায়ু যুদ্ধের আনন্দজনক অবসান উপলক্ষে রোববার এক বিশাল অনুষ্ঠানের আগে পূর্ব জার্মানির নিপীড়নমূলক শাসন থেকে পালাতে গিয়ে নিহতদের স্মরণে তিন দিনব্যাপী এক অনুষ্ঠান চলছে। পূর্ব জার্মানিতে বেড়ে ওঠা বর্তমান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন।

‘স্বাধীনতার জন্য সাহসিকতা’ শীর্ষক উৎসব এক শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে ২৮ বছর পর পূর্ব জার্মানির কমিউনিস্ট কর্তৃপক্ষকে সীমান্ত খুলে দিতে বাধ্য করার কথা স্মরণ করিয়ে দেয়। এই ঘটনার এক বছরের মধ্যে ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি পুনঃএকীভূত হয়।

সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ যার পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত নীতি বার্লিন প্রাচীর পতনে সহায়ক হয়েছিলো শুক্রবার বার্লিনের সাবেক চেক পয়েন্ট সীমান্ত পথে জনতাকে অভিবাদন জানান।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বার্লিন প্রাচীর পতনের আবেগঘন ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান।

এমএ