হরমুজ প্রণালি ও ওমান উপসাগরীয় এলাকায় ইরান নিয়ন্ত্রিত আকাশসীমা দিয়ে মার্কিন বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ)।
মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার ঘটনায় চলমান উত্তেজনাকে কেন্দ্র করে গতকাল (২০ জুন) বৃহস্পতিবার এই জরুরি আদেশ দেওয়া হয়েছে।
গতকালই (২০ জুন) হরমোজগান প্রদেশে একটি মার্কিন ‘গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করার দাবি করে ইরান। দেশটির সেনাবাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড (ইআরজি)’র দাবি, সে দেশের আকাশসীমায় ঢুকে পড়ার কারণে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেও এটির ইরানের আকাশসীমায় প্রবেশের দাবি নাকচ করে দিয়েছে তারা।
মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় নিরাপত্তা পর্যালোচনার পর ইরানের আকাশসীমায় মার্কিন বিমান চলাচল নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ)।
তারা বলছে, ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ্লিকেশন্স অনুযায়ী সবচেয়ে কাছের বেসামরিক বিমানটি যুক্তরাষ্ট্রের গ্লোবাল হক ড্রোনের প্রায় ৪৫ নটিক্যাল মাইলের মধ্যে পরিচালিত হচ্ছিলো। এফএএ’র বিবৃতিতে বলা হয়, “ড্রোন ভূপাতিত হওয়ার সময় ওই এলাকায় অনেকগুলো বেসামরিক বিমান চলাচল করছিলো।”
নিউ জার্সির নিউআর্ক বিমানবন্দর থেকে ভারতের মুম্বাইয়ে চলাচলকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করার কয়েক ঘণ্টার মাথায় এই নিষেধাজ্ঞার ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ ইরানের আকাশসীমা হয়ে ভারতগামী ফ্লাইটগুলো স্থগিত করেছে। তবে কতদিন পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে তা জানায়নি তারা।
ইউনাইটেডের এক মুখপাত্র জানান, মুম্বাই থেকে নিউআর্কগামী বিমানে বুকিং দেওয়া যাত্রীদেরকে বিকল্প কোনও ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে।
আজ (২১ জুন) শুক্রবার নেদারল্যান্ডসের পতাকাবাহী কেএলএম এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের বিমান হরমুজ প্রণালির উপর দিয়ে আর চলাচল করছে না। মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষও জানিয়েছে তারা ওই এলাকার আকাশসীমা এড়িয়ে যাচ্ছে। কুয়ালালামপুর, লন্ডন, জেদ্দা ও মদিনায় ফ্লাইট চলাচলের ক্ষেত্রে ওই আকাশসীমা ব্যবহার করা হতো।
মালয়েশিয়ান এয়ারলাইন্স-এর বিবৃতিতে বলা হয়, “বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা প্রতিবেদন ও সংশ্লিষ্টদের কাছে নোটিস পাঠানোসহ বিভিন্ন মূল্যায়ন করা হচ্ছে।”
বৃহস্পতিবার (২০ জুন) আমেরিকান এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্স-এ দুই মার্কিন এয়ারলাইন্স কর্তৃপক্ষও ঘোষণা দিয়েছে তারা ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা করবে না। জাপান এয়ারলাইন্স ও এএনএ হোল্ডিংসও একইরকমের ঘোষণা দিয়েছে।
এমবি





