ফিলিস্তিনের গাজার সাধারণ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়েছে ১৫ ইসরায়েলি নাগরিক। দক্ষিণ ইসরায়েলের হাজতোর বিমান বাহিনী ক্যাম্পের সামনে লাশ সেজে এই প্রতিবাদ জানিয়েছে তারা।
‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামে ফিলিস্তিনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে এক হাজারেরও বেশি গাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এই হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এখন খোদ ইসরায়েলের নাগরিকরাই এই হামলার প্রতিবাদ জানাচ্ছে।
ওই ১৫ প্রতিবাদকারীরা সাদা পোশাকে সম্পূর্ণ শরীর ঢেকে ফেলেছেন। তাদের পোশাকে রক্তের মতো লাল দাগ ছিল। মূলত ফিলিস্তিনের লাশের প্রতীকী হিসেবে তারা এমন পোশাক পড়েছে। সেই সঙ্গে তাদের হাতে ছিল গাজায় হামলা বন্ধের দাবি জানানো প্লেকার্ড।
প্রতিবাদকারীরা জানিয়েছে, “সেনাবাহিনী দ্বারা সাধারণ নাগরিকদেরকে এমনভাবে হত্যা করা রক্তক্ষরণ ও ঘৃণা আরো বৃদ্ধি করবে। যা এই মুহূর্তে বন্ধ করা উচিত। আমাদের নাম নিয়ে ইসরায়েলি বাহিনী যে হামলা চালাচ্ছে তার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। গাজার সঙ্গে প্রতিবেশীমূলক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এর ফলে যারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বসবাস করছে তাদের মনে ভীতি সঞ্চার করছে। যা কখনো অস্ত্র দিয়ে সমাধান করা সম্ভব না। আমরা গাজায় হামলা চালানো বন্ধের দাবি জানাচ্ছি।”
ঢাকা, ৩১জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





