জাপানের ২৪ বছর বয়সী এক তরুণ এক হাজারেরও বেশি সন্তানের বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ইতোমধ্যে সে ১৪ সন্তানের জনক হয়েছে। জাপান টাইমসের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।

তবে, এসব সন্তান তার নিজের স্ত্রীদের নয়, সারোগেট মায়ের (গর্ভ ভাড়া দেয়া মা) গর্ভে এসব সন্তানের জন্ম হয়েছে।

জন্ম নেয়া ১৪ সন্তানের সবাই থাইল্যান্ডের একটি সারোগেসি এজেন্সি থেকে ভাড়া করা মায়ের গর্ভে জন্ম নিয়েছে। থাইল্যান্ডের ওই সারোগেসি এজেন্সির পরিচালককে সন্তানপাগল এই জাপানি তরুণ বলেছেন, "এই পৃথিবীর জন্য আমি সবচেয়ে ভালো যে কাজটি করতে পারি তা হচ্ছে অনেক ছেলেমেয়ের জন্ম দেয়া!"

মিতসুতুকি শিজেতা নামের এই জাপানি তরুণ ধনাঢ্য পরিবারের সন্তান। তার এত সন্তানের বাবা হওয়ার খায়েশ রীতিমতো রহস্যের জন্ম দিয়েছে। তাকে খুজে বেড়াচ্ছে থাইল্যান্ডের পুলিশ। কিন্তু সে গোপনে থাইল্যান্ড ছেড়ে ইতোমধ্যে ম্যাকাও চলে গেছে। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হতে পারে। তিনি শুধু থাইল্যান্ডেই নয়, কম্বোডিয়াতেও এভাবে সারোগেট মায়ের গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্ম দিয়েছেন বলে জানা গেছে। কম্বোডিয়াতেও রয়েছে তার ৬ সন্তান।

থাইল্যান্ডের এজেন্সির পরিচালক জানান, সিজেতাকে তারা একবার সুযোগ দিয়েছিলেন। কিন্তু সে বারবার সন্তান নেয়ার জন্য আবেদন করে। একসময় বিষয়টি তাদের কাছে রহস্যজনক মনে হলে তারা সতর্ক হন।

অনুসন্ধানে আরও জানা গেছে, শিজেতা অন্তত ৪০ বার থাইল্যান্ড ভ্রমণ করেন। থাইল্যান্ড থেকে যাবার সময় সাথে করে বেশ কয়েকটি সন্তান সাথে করে নিয়েও গেছেন বলে অভিযোগ রয়েছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ