মিশরে বোমা হামলায় পুলিশের এক ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছে। এ ছাড়া অপর এক হামলায় পুলিশের আরেক কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার এসব হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি'র।
আহমেদ জাকি নামের পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল কায়রোতে নিহত হন। তার গাড়ির নিচে বোমা রাখা ছিল। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠার কিছুক্ষণ পর বোমাটি বিস্ফোরিত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর এ নিয়ে ৫ জন জেনারেল পদমর্যাদার পুলিশ কর্মকর্তা নিহত হলেন। গত বছরের জুলাইতে মুরসির পতনের পর থেকে এখনো পর্যন্ত কয়েকশ পুলিশ ও সেনা সদস্য নিহত হন।
অন্যদিকে, ভূমধ্যসাগরীয় বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একদল ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করলে তাদের সাথে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন।
এর আগে গত শনিবার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। একইদিন সুয়েজ থেকে কায়রোগামী এক রাস্তায় টহল দেয়ার সময় আরেক পুলিশ সদস্য নিহত হন। এর ঠিক একদিন আগে অর্থ্যাৎ শুক্রবার রাজধানী কায়রোতে আরেক পুলিশ সদস্য নিহত হন। ওই হামলার দায়িত্ব স্বীকার করে 'আজনাদ মিশর' বা 'মিশরের যোদ্ধা' নামক একটি সশস্ত্র গোষ্ঠী।
উল্লেখ্য, মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে তার দল মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের উপর ব্যাপক দমন-পীড়ন চালায় সেনাবাহিনী। তাদের দমন-পীড়নে এখনো পর্যন্ত অন্তত এক হাজার ৩০০ জন নিহত হয়েছেন। তবে, ব্রাদারহুডের দাবি এ সংখ্যা আরো অনেক বেশি। এ ছাড়া, কারাগারে রাজনৈতিক বন্দী করা হয়েছে অন্তত ১৬ হাজার ব্রাদারহুড নেতা-কর্মীকে।
এদিকে, মিশরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেশটির সেনাবাহিনীকে ১০টি অ্যাপাচি হেলিকপ্টার দিবে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একথা জানান। এ ছাড়া, মিশরের সেনাবাহিনীকে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা আবারো দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। উল্লেখ্য, প্রেসিডেন্ট মুরসির পতনের পর সেনাবাহিনীর হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক নিন্দার মুখে এই সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছিল আমেরিকা। তবে, এবার তাদের যুক্তি হচ্ছে, মিশর-ইসরাইল চুক্তির জন্যই মিশরের সেনাবাহিনীকে তারা সামরিক সহায়তা দিতে 'বাধ্য'। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
মিশরে ব্রিগেডিয়ার জেনারেলসহ নিহত ২
মিশরে বোমা হামলায় পুলিশের এক ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছে। এ ছাড়া অপর এক হামলায় পুলিশের আরেক কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার এসব হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি'র।





