মেক্সিকোতে মাদক পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন সন্দেহভাজন মাদক পাচারকারী ও বাকি ৪ জন দেশটির পুলিশ সদস্য। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি একটি শহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন দেশটির উত্তরাঞ্চলীয় কোয়াওয়িলা রাজ্যে পুলিশ-অস্ত্রধারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। মূলত এতেই ১০ অস্ত্রধারী ও চার পুলিশ নিহত হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত অস্ত্রধারী সন্ত্রাসীরা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

স্থানীয় গভর্নর মিগেল রিকেলমে বলেছেন, ‘পিয়েদ্রাস নেগ্রাস শহরের ভিয়া ইউনিয়নে ভারি অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে রাজ্য পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অনেক সদস্যই হতাহত হন। তাছাড়া এখনো আরও কয়েকজন লোক নিখোঁজ রয়েছেন।’

এমএম