যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গিলরয় শহরে ফুড ফেস্টিভ্যাল চলাকালীন বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

সোমবার (২৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, রোববার (২৮ জুলাই) ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় গিলরয় শহরে তিনদিন ধরে চলা গিলরয় গার্লিক ফেস্টিভ্যালের শেষ দিন ছিল। এদিন সন্ধ্যায় এ উৎসবের শেষ মুহূর্তে হঠাৎ এক বন্দুকধারী হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন নিহত ও ১১ জন আহত হয়।

তাৎক্ষণিকভাবে হামলার বিস্তারিত জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার সময় ফেস্টিভ্যালে আসা সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছেন।

টুইটারে দেওয়া এক বার্তায় সেখানকার সাধারণ মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসএম