ভারতে বৃহস্পতিবার সাতটি রাজ্যের ১১৭ আসনে ৬ষ্ঠ পর্বের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
তামিলনাড়ুর ৩৯ আসন, মহারাষ্ট্রের ১৯ আসন, উত্তর প্রদেশের ১১ আসন, মধ্যপ্রদেশের ১০ আসন, বিহার ও ছত্তিশগড়ের প্রতিটিতে ৭টি আসন, আসাম ও পশ্চিমবঙ্গের প্রতিটিতে ছয়টি আসন, রাজস্থানে পাঁচটি আসন, ঝারখণ্ডে চারটি আসন, জম্মু ও কাশ্মির এবং পুদুচেরিতে একটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তামিলনাড়ুতে ৬১ হাজার ভোটকেন্দ্রে সাড়ে পাঁচ কোটি ভোটারের ভোট দান নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টায়।
পুলিশ কর্মকর্তারা জানান, রাজ্যে এক লাখ ৪৭ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবে। রাজ্যে ৫৫ জন নারীসহ ৮৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৪ এপ্রিলের নির্বাচনে উত্তর প্রদেশের মথুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে দেখা দিয়েছে। এ আসনে ১৬ লাখ ৫০ হাজার ভোটার অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা হেমা মালিনীসহ প্রতিদ্বন্দ্বী ১২ প্রাথীর ভাগ্য নির্ধারণ করবে।
ছত্তিশগড়ের সাতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী দুর্গ আসনের বেমেতারায় বিকেলে এক জনসভায় ভাষণ দেবেন।
মধ্য প্রদেশের বিদিশা, দেওয়াস, ইন্দোর, ধার, উজ্জইন, রতলাম, মান্দসুর, খান্দোয়া, খারগুন ও বেতুল আসনে কাল নির্বাচন অনুষ্ঠিত হবে।
লোকসভায় বিরোধী দলীয় নেত্রী সুষমা স্বরাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদিশা থেকে। এ ছাড়া সাবেক মন্ত্রী কান্তিলাল ভুরিয়া রাতলাম এবং রাজ্য কংগ্রেসের সভাপতি অরুণ যাদব খান্দোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসামে ছয় আসনে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৯৪ লাখের বেশি।
পশ্চিমবঙ্গের ছয়টি আসনে ৮৩ লাখের বেশি ভোটার ৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]