মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রাশিয়ান ভদকা, সামুদ্রিক খাদ্য এবং হীরা আমদানি নিষিদ্ধ করেছেন। শুক্রবার (১১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনে রুশ অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে স্থায়ী স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক আছে, তাও প্রত্যাহার করা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যেসব রুশ ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই তালিকায় আরও নতুন নাম যোগ করা হবে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : বিবিসি।
এবিএস





