সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং করেছে সরকার। ব্রিফিংয়ে এই দুই হত্যার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে সরকার।
আজ (মঙ্গলবার) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং করা হয়।
পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কূটনীতিকদের কাছে সাম্প্রতিক পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় তারা কূটনীতিকদের জানান, সম্প্রতি ঘটে যাওয়া জাপানের নাগরিক হোসি কোনিও ও ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা তদন্তের অগ্রগতি হয়েছে।
এছাড়া বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও কুটনীতিকদের আশ্বস্ত করেন মন্ত্রীরা।
এদিকে, দুই হত্যাকান্ডের পর পরই সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ব্রিটিশ হাই-কমিশনার রবার্ট গিবসন। ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
রবার্ট গিবসন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টরা নিরাপত্তার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্তের বিষয়ে আমরা আলোচনা করেছি।
তিনি বলেন, হত্যাকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত ও ঘাতকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তারা। এ বিষয়ে কোনো বাধা থাকবে না বলেও সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।
তবে, এই ঘটনায় নিজেদের পরামর্শ এখনো দিতে তারা রাজি নয় বলেও জানান ব্রিটিশ হাই-কমিশনার। এই মুহুর্তে সরকারের গৃহিত পদক্ষেপের দিকেই তাদের নজর থাকবে।
এদিকে, কুটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, সরকারের পদক্ষেপে বিদেশী কুটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে ব্রিফিংয়ে অংশ নিতে বেলা পৌনে ৩টার পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসতে শুরু করেন ঢাকায় কার্যরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিকেল ৩টার পরে ‘পদ্মা’য় আসেন ঢাকায় নিযু্ক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
কূটনৈতিক সূত্র জানায়, সম্প্রতি পরপর দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা উদ্বিগ্নতায় ছিলেন কূটনীতিকসহ বিদেশি নাগরিকরা।
কয়েকটি দূতাবাস এরইমধ্যে রীতিমতো ভ্রমণ সতর্কতা জারি করে দিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের নিয়ে ব্রিফিং করেছে সরকার।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, পুলিশের মহা-পরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেবি





