মেক্সিকোর মিচোয়াকান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র অপরাধীচক্রের মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।

নিহতদের অধিকাংশই অপরাধী গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনার মন্টে আলেজান্দ্রো রুবিদো।

শুক্রবার জালিসকো প্রদেশের সীমান্তের কাছে তানহুয়াতোতে এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে মন্টে আলেজান্দ্রো রুবিদো বলেন, পার্শ্ববর্তী জালিসকো রাজ্যের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে নিরাপত্তারক্ষীদের তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলোর মধ্যে ৩০টি রাইফেলও রয়েছে।

শহরটির মেয়র বলেছেন, শুক্রবার কেন্দ্রীয় পুলিশের বহরটি যখন ওই অঞ্চলে প্রবেশ করে তখনই তাদের লক্ষ্য করে অপরাধীচক্রটির সদস্যরা এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। তবে কোন পরিস্থিতিতে এই সহিংসতার সূচনা হয়েছিল তা এখনো পরিষ্কার নয়। কেন্দ্রীয় নিরাপত্তা কর্মকর্তারা তদন্তের জন্য ওই অঞ্চলে যাচ্ছেন।

গত মার্চ থেকে জালিসকো নিউ জেনারেশন গ্রুপের হাতে পুলিশ ও সৈনিকসহ নিহত হয়েছেন প্রায় ২০ জন।

কেএইচ