নাগরিকত্ব সংশোধনী বিল সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে লড়ছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী, প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ।

প্রায় তিন যুগ পর তিনি আবার আইনজীবী হিসেবে কাজ শুরু করলেন। ১৯৮৩ সালে তিনি আসামের আদালতে আইনজীবী হিসেবে শেষ মামলা লড়েছিলেন।

বলা যায়, প্রায় ৩৬ বছর পরে আবার কালো কোর্ট গায়ে পরে একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পা রাখলেন তরুণ গগৈ। পাশাপাশি তরুণ গগৈ কংগ্রেসের নেতা পি চিদাম্বরমের আইনি সাহায্য করার কাজে নিযুক্ত ছিলেন।

আসামের সাবেক এই মুখ্যমন্ত্রীর ছেলে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ টুইট করেছেন, “আমার বাবা এবং আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈ আজ নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য তার আইনজীবী হিসেবে কাজ শুরু করেছেন।”

সম্প্রতি, এক সাংবাদিক সম্মেলন করে তরুণ গগৈ এই নাগরিক সংশোধনী আইনকে একটি বৈষম্যমূলক আইন বলে অভিহিত করেন।

উল্লেখ্য, ভারতের আসাম রাজ্যসভায় বিলটি উত্থাপনের পর থেকেই নাগরিকত্ব সংশোধন আইনের প্রেক্ষিতে তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল সমগ্র উত্তর-পূর্ব রাজ্যে। আন্দোলনকে ঘিরে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউও জারি করা হয়। তথ্য সূত্র- দৈনিক যুগশঙ্খ।

এমবি