বৃহস্পতিবার সকালে প্রবল বৃষ্টিতে এবং মাটির দেওয়াল ভেঙ্গে হায়দারাবাদে প্রাণ হারালেন চারজন শিশুসহ মোট সাত জন। বিপর্যস্ত সেখানকার জনজীবন। হায়দারাবাদের আম্বেরপেট অঞ্চলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ প্রায় ১১৮ মিলিমিটার। হুসেন সাগর লেক থেকে ছাড়তে হয়েছে ১২০ কিউসেক জল।

রমানাথপুর এলাকায় মাটির দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। মৃতদের মধ্যে দু’টি শিশু। ভোলকপুর এলাকায় বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছে মা এবং দুই মেয়ের। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় তাঁরা ঘুমোচ্ছিলেন। পুরনো হায়দরাবাদ এলাকার লালা দরওয়াজাতেও কয়েকটি জীর্ণ বহুতল ভেঙে পড়েছে। তবে সেখানে হতাহতের কোনও খবর নেই।

বৃহত্তর হায়দারাবাদ পুরনিগমের তরফে শহরের পুরনো এবং জরাজীর্ণ বাড়িগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত ১০০০টি জরাজীর্ণ বাড়ি চিহ্নিত করা হয়েছে। সেগুলি শীঘ্রই ভেঙে ফেলা হবে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ভারী বৃষ্টির দরুন শহরের বিভিন্ন স্থানে জল জমে যাওয়ায় নাকাল হয়েছেন নিত্যযাত্রীরাও। এল বি নগর, মালাকপেট, মুসাম্বরগড়, উপ্পলএলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েয়। শহরের বহু বাসিন্দাই কার্যত জলবন্দি। লাইনে জল জমে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় হায়দরাবাদ এবং সেকেন্দরাবাদের সংযোগকারী ট্রেনগুলি। পরে পরিস্থিতির উন্নতি হলে ট্রেন চলাচল শুরু হয়।

জেড