ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে দলটিকে খোঁচা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার গুজরাটে এক নির্বাচনী প্রচারণায় কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদি বলেন, 'আওরঙ্গজেবের শাসন' শুরুর প্রাক্কালে তিনি দলটিকে অভিনন্দন জানাতে চান।
কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সোমবারই দলের সভাপতির পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। তবে সভাপতি পদে দলের আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই রাহুল দলটির শীর্ষ পদে আসীন হতে চলেছেন।
এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে মোদি কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচনকে ১৭ শতকের মুঘল সম্রাট আওরঙ্গজেবের প্রসঙ্গ টানেন এবং ভারতের প্রাচীনতম দলটির অভ্যন্তরেই 'গণতন্ত্রের চর্চা' না থাকায় দলটির সমালোচনা করেন।
তিনি বলেন, "কংগ্রেসে 'আওরঙ্গজেব শাসন' শুরু হওয়ায় আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের জন্য, জনগণের কল্যাণ অনেক বড় বিষয় এবং ১২৫ কোটি ভারতীয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
"অবশ্য মোদি দাবি করেন, কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মণি শংকর আইয়ারই প্রথম রাহুল গান্ধীর পদোন্নতিকে মুঘল সাম্রাজ্যের সঙ্গে তুলনা করেছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'মণি শংকর আইয়ার বলেছিলেন, মুঘল শাসনামলে কি নির্বাচন হয়েছিল? জাহাঙ্গীরের পর শাহজাহান ক্ষমতা আসেন, কোনো নির্বাচন কি হয়েছিল?
শাহজাহানের পর আওরঙ্গজেবই হবেন নেতা— এটা বোঝা গিয়েছিল। কাজেই কংগ্রেস কি তাদের একটি পারিবারিক দল বলেই মনে করে? এই আওরঙ্গজেব শাসন আমরা চাই না।'
কংগ্রেসের সমালোচনা করে মোদি আরও বলেন, "কংগ্রেসের সভাপতি পদে যতই ভোট হোক না কেন, ভোটের ফল কী হবে তা সবারই জানা।
এমনকি এ নিয়ে কংগ্রেসের কেউ প্রশ্ন তুললে তাকে দলের ভেতরে একঘরে হয়ে যেতে হতে পারে। কারণ সাংগঠনিক নির্বাচনে 'রিগিং' করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে তাদের।" সূত্র: টাইসম অব ইন্ডিয়া ও এনডিটিভি
এমএ





