ভারী বৃষ্টির কারণে নেপালে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এসময় মাটিচাপায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। তারা বলছে, স্থানীয় সময় বুধবার রাতে অবিরাম বৃষ্টির কারণে দেশটির তাপলেজুং জেলায় ছয়টি পৃথক স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।
এতে ২৮ জনের মৃত্যু ও আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। ভূমিধসের কারণে আক্রান্ত এলাকাগুলোয় বেশ কয়েকটি বাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রধান জেলা কর্মকর্তা সুরেন্দ্র ভাট্টরাই জানিয়েছেন, স্থানীয় নদী-নালায় পানি উপচে দ্রুত এর উচ্চতা বাড়ছে বলে উদ্ধার তৎপরতা ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যহত হচ্ছে।
আহতদের উদ্ধারে আক্রান্ত এলাকাগুলোয় হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তাপলেজুং ডেপুটি পুলিশ সুপার শান্তি রাজ কৈরালা জানিয়েছেন, ঘটনাস্থলের উদ্দেশে পুলিশের একটি দল রওনা হয়েছে।
এআর





