ইয়েমেনে একটি কারাগার থেকে আল-কায়েদার সন্দেহভাজন সদস্যসহ প্রায় ১২০০ বন্দী পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।
তাইজ শহরের একটি কারাগারে সংঘর্ষের পর ওই বন্দীরা পালিয়ে যায় বলে গত মঙ্গলবার জানানো হয়েছে।
কীভাবে কারাবন্দীরা পালাতে সক্ষম হলো বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, আল-কায়েদার সদস্যরা কারাগারটিতে হামলা চালালে ওই বন্দীরা পালিয়ে যায়।
এদিকে রয়টার্সকে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সুযোগে কারাবন্দীরা পালিয়ে যায়।
এপির খবরে বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের সঙ্গে তাদের বিরোধী সশস্ত্র সংগঠনের সংঘর্ষের সময় কারারক্ষীরা তাদের অবস্থান থেকে সরে যায়। এই সুযোগেই কারাবন্দীরা পালায়।
ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রব্বু মনসুর হাদিকে হটিয়ে শিয়া হুতি বিদ্রোহীরা ক্ষমতা নেওয়ার পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।
হুতিদের দমনে গত ২৬ মার্চ থেকে দেশটিতে বিমান হামলা পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এরপর থেকে এ নিয়ে তিনবার কারাবন্দীদের পালানোর ঘটনা ঘটল।
জেআই





