বিশ্বের বৃহৎ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে অর্থবহ গণতন্ত্র দেখতে চায় ভারত। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বললেন ঢাকায় প্রাক্তন ভারতীয় হাই কমিশনার পিনাক চক্রবর্তী।

তিনি বলেন, আমরা বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধীদল চাই। তাদের যে সকল অধিকার আছে তা তারা অর্জন করে নিতে পারবে। আমি একজন কুটনীতিক হিসেবে বাংলাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনও প্রত্যাশা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে ‘ভারত-বাংলাদেশ হাই কমিশনারস সামিট’ শীর্ষক দুইদিনের এ সম্মেলনের আয়োজন করে।

পিনাক চক্রবর্তী বলেন, বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এ দেশে যে সরকারই এসেছে আমরা তাদের সঙ্গে কাজ করেছি। বর্তমানেও যে সরকার রয়েছে আমরা তাদের সঙ্গেও কাজ করে যাবো। এর আগে সামরিক সরকারের সঙ্গেও আমরা কাজ করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময়ই থাকবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সমন্বয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাবি ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকা এরশাদ প্রমূখ।

জেআই