জাপানে শতবর্ষী বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৪৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ১শ’ বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৫৮ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে। এক বছরের আগের চেয়ে এ সংখ্যা ৪ হাজার ৪২৩ জন বেশি। এদের মধ্যে ৮৭ দশমিক ১ শতাংশ নারী।

গড়ে জাপানে প্রতি লাখে ৪৬ দশমিক ২১ শতাংশ লোকের বয়স ১শ’ বা তার বেশি। খবর এএফপি’র।

বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা মিসাও ওকাওয়া (১১৬) ও পুরুষ সাকারি মোমোইও (১১১) জাপানের বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাদের এই স্বীকৃতি দিয়েছে।

মন্ত্রণালয় ১৯৬৩ সালে আদম শুমারী শুরু করে। তখন দেশটিতে শতবর্ষী লোকের সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। এই সংখ্যা ১৯৯৮ সালে এসে ১০ হাজারে দাঁড়ায়। সম্প্রতি প্রতি বছর জাপানে শতবর্ষী লোকের সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউজি উমেমোতো বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও বয়স্ক সেবার মান উন্নত হওয়ায় বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে।’

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ