আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, যা ডি আর কঙ্গো নামে পরিচিত। গৃহযুদ্ধ চলাকালীন সময়ে দেশটিতে হাজার হাজার নারী গণধর্ষণের শিকার হন। অসহায়, নির্যাতিতা এসব নারীর সেবায় এগিয়ে আসেন ডেনিস মাকওয়েজ।
হাজার হাজার গণধর্ষিতা নারীকে সেবা দেয়ার স্বীকৃতিস্বরূপ এই মহান ব্যক্তিটিকে শাখারভ পুরস্কারে ভূষিত করেছে ইউরোপ। নেলসন ম্যান্ডেলা, অং সান সু কি আর মালালা ইউসুফজাঈয়ের পথ ধরে তিনি এ বছর এ পুরস্কার জিতেন। স্ট্রাসবুর্গে ইউরোপিয়ান পার্লামেন্টে পুরস্কার বিজয়ী হিসেবে ডেনিস মাকওয়েজের নাম ঘোষণা করা হয়। খবর বিবিসি'র।
শাখারভ পুরস্কার হচ্ছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ সম্মানজনক পুরস্কার। বিখ্যাত রুশ বিজ্ঞানী ও ভিন্নমতাবলম্বী আন্দ্রেই শাখারভের নামে প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। বিশ্বজুড়ে মানবাধিকার ও গণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য মূলত এই পুরস্কার দেয়া হয়।
গাইনোকোলজিস্ট বা নারী চিকিৎসক ৫৯ বছর বয়সী মাকওয়েজ ১৯৯৯ সালে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে পানঝি এলাকায় একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সেখানে শুধুমাত্র ধর্ষণ ও গণধর্ষণের শিকার নারীদের চিকিৎসাসেবা দেয়া হয়। হাসপাতালটি প্রতিষ্ঠার দুই বছর পর তাকে একবার হত্যার চেষ্টাও করে দেশটির সরকারের বিদ্রোহী একটি গ্রুপ।
এবারের শাখারভ পুরস্কারের দ্বিতীয় ও তৃতীয় মনোনীতি ব্যক্তি ও গ্রুপ হচ্ছে যথাক্রমে ইউক্রেনের আন্দোলকারী গ্রুপ ইউরোময়দান এবং আজারবাইজানের মানবাধিকার কর্মী লেইলা ইউনুস। সূত্র: বিবিসি
এসএমএ





