সদ্য গঠিত আল কায়েদার দক্ষিণ এশীয় শাখা 'আল কায়েদা ইন দ্যা ইনডিয়ান সাব-কন্টিনেন্ট' (একিউআইএস)-এর এক শীর্ষ কমান্ডারকে আটক করেছে করাচি পুলিশ। শহীদ উসমান নামের এই শীর্ষ কমান্ডারের সঙ্গে আরও চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার এ খবর জানিয়েছে ডন অনলাইন।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়েছে। তবে, শুক্রবার বিকেলে এ খবরটি নিশ্চিত করে করাচি পুলিশ। তাদের সঙ্গে বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং ১০ কেজি বিস্ফোরক দ্রব্যও আটক করা হয়েছে।

প্রায় ৩৫ বছর বয়সী শহীদ উসমানকে একিউআইএসের করাচির প্রধান বলে দাবি করেছে পুলিশ। এ ছাড়া তিনি একিউআইএসের অন্যতম শীর্ষস্থানীয় নেতা বলেও দাবি করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর একিউআইএস প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার পরপরই গত সেপ্টেম্বরে করাচি বন্দর থেকে নৌবাহিনীর একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে তারা। প্রায় এক কোটি ৮০ লাখ জনসংখ্যা অধ্যুষিত বন্দরনগরী করাচি থেকে প্রায়ই হামলার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ রয়েছে।

শহীদ উসমান করাচিতেই থাকতেন বলে জানা গেছে। তিনি একজন ধনাঢ্য ব্যক্তি। করাচির সবচেয়ে অভিজাত এলাকায় গাড়ির যন্ত্রাংশ বিক্রির ডিলারশিপ রয়েছে তার। এর আগে উসমান হরকাতুল জিহাদ-আল-ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য, হরকাতুল জিহাদের প্রধান ইলিয়াস কাশ্মীরি ২০১১ সালে আফগান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

এমএ