ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশ ভারতের ভালো বন্ধু বলে মন্তব্য করেছেন সে দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত নয়াদিল্লির রাষ্ট্রপতির ভবনে প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সব কথা জানান।
ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমেই বাংলাদেশে আসেন।
নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জয়েন্ট কনসালটেটিভ কমিশন- জেসিসি) বৈঠকে যোগ দিতে চারদিনের সফরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভারতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এদিকে শুক্রবার বেলা আড়াইটায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং বিকেল ৪টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে দেশটির অর্থমন্ত্রী অরুন জেটলির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
২০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় নেহেরু ভবনে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীরা নেতৃত্ব দেবেন।
এদিন বিকেল সাড়ে ৪টায় রাজ্যসভার (উচ্চকক্ষ) বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
এদিকে, হাইকমিশন সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর জেসিসি বৈঠক শেষে ওইদিন রাতে দিল্লি থেকে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন পররাষ্ট্রমন্ত্রী।
তার সঙ্গে পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারও সেখানে যাবেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





