আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস সারা বিশ্বজুড়ে এক যোগে পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন।’
সারা বিশ্বে প্রতি বছরই ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে দিবসটি পালিত হয়।
বাংলাদেশেও এই দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে। কেননা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাদক সেবন, ব্যবসা ও পাচারের দিক থেকে বাংলাদেশ অন্যতম। মাদকের ভয়াল কালো গ্রাস দেশে ধীরে ধীরে গিলে খাচ্ছে তরুন প্রজন্মকে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সীমান্তবর্তী ভারত এবং মিয়ানমার থেকে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজার মতো মাদক দেশে প্রবেশ করছে।
এসব মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে। এরই মধ্যে চলতি বছরে নতুন দুই ধরনের মাদকের সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এগুলো হলো লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) ও গাঁজার কেক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মতে, দেশে এখন পর্যন্ত যেসব মাদক পাওয়া গেছে এর মধ্যে সব থেকে ভয়ানক মাদক হচ্ছে এলএসডি।
এলএসডি সেবন করলে সেবনের পর সেবনকারী আর স্বাভাবিক জীবনে থাকেন না। এই মাদকের সেবনের অল্প কিছু দিনের মধ্যেই সেবনকারী আত্মঘাতী হয় নয় তো মারাত্মক শারীরিক সমস্যায় ভুগে।
গেল মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর পর দেশে ১ম বারের মতো এলএসডি নামে নতুন ধরনের এ মাদকের নাম শোনা যায়। ধারণা করা হয়, ঢাবি শিক্ষার্থী নিয়মিত এলএসডি সেবন করতেন। এলএসডি সেবনের কারণেই বোধশক্তি হারিয়ে আত্মহত্যা করেন তিনি।
এরপর ডিবি ও ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে রাজধানীর মহাখালী ও খিলগাঁও এলাকা থেকে এলএসডি সেবনের সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
দিন যতই এগুচ্ছে মাদক ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন কঠোর অবস্থা দেখে মাদক কারবারিরাও কৌশল পরিবর্তন করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন।
মাদক কারবারিরা নৌ, সড়ক, রেল ও আকাশপথ ব্যবহার করে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক রাজধানীসহ সারা দেশে পাচার করছেন। আবার মাদক বিক্রির ক্ষেত্রেও নিত্য নতুন কৌশল আশ্রয় নিচ্ছেন।
বর্তমানে অনলাইন প্লাটফর্মকে টার্গেট করেও দেশে মাদকের ব্যবসা জমে উঠছে। সম্প্রতি এলএসডি মাদকের ২ টি চক্রকে গ্রেফতারের পর পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য পায়।
পুলিশের তথ্য অনুযায়ী, এলএসডি সেবনকারী ও কারবারিরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে দেশে প্রথম এই মাদক নিয়ে আসেন। পরে তারা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা এবং সেবন করে থাকেন।
এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সূত্রে জানা যায়, শুধু এলএসডি নয় বর্তমানে বিভিন্ন ধরনের মাদকের কারবার চলেছে অনলাইন প্লাটফর্মে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজর রয়েছে বলেও জানা গেছে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, দেশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক সঙ্গে কাজ করে যাচ্ছেন।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এবার করোনার কারণে সীমিত পরিসরে পালন করা হবে। এ সংক্রান্ত বিভিন্ন সেমিনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজন করেছে, যা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে মাদকমুক্ত সুস্থ সমাজ প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
মাদক বিরোধী জনসচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী চলমান প্রয়াসের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২১’ পালনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান।
এইচএন





