ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের বালাদ শহরে শিয়া নেতা সাঈদ মুহাম্মাদ বিন আলী-আল হাদি (আ.)-এর মাজারের বোমা ও গুলিতে অন্তত ৩৭ জন নিহত ও ৬২ জন আহত হয়েছে। উগ্রপন্থী ইসলামিক স্টেট এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) শেষ বেলায় মাজারের বাইরের গেইটে এক সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালায় এবং নিজেকে উড়িয়ে দেয়। এরপর কয়েক সন্ত্রাসী মাজার জিয়ারতকারীদের ওপর গুলি চালায়।

আরো এক আত্মঘাতী হামলাকারী ঈদুল ফিতর উদযাপনে ব্যস্ত লোকজনের ভিড়ের ভেতরে আলাদা বিস্ফোরণ ঘটায়। তবে নিরাপত্তা বাহিনী তৃতীয় এক ব্যক্তিকে ধরে ফেলে এবং তার কাছে থাকা বোমা নিষ্ক্রিয় করে।

আইএস এ হামলার কথা স্বীকার করেছে। হামলার সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড মর্টারের গোলা বর্ষণ করে।

গত রোববার ইরাকের রাজধানী বাগদাদের কারাদাহ এলাকায় ভয়াবহ বোমা হামলায় ২৯২ জন নিহত হওয়ার পর গতকাল নতুন এ হামলা হলো। ওই হামলাও চালিয়েছে আইএস

সূত্র : রেডিও তেহরান

এমআইএস