আমেরিকার সিয়াটলে সাংবাদিক বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। সিয়াটলের ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সিয়াটলের স্থানীয় কেওএমও ব্রডকাস্টারের কর্মী বহনকারী বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
কেওএমও জানিয়েছে, হেলিকপ্টারটি তাদের প্রতিষ্ঠানের ভবনের ছাদে অবতরণ করতে চেয়েছিল। কিন্তু অবতরণ করতে গিয়ে এটি বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খায়। ফলে এটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারটি ভবনের পাশে থাকা বেশ কিছু গাড়ির উপর বিধ্বস্ত হয়। টেলিভিশন ফুটেজে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডুলি উড়তে দেখেছেন তারা। ঘটনাস্থলে ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশকে ছুটে যেতেও দেখেন তারা। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]