ফিলিস্তিনের দুই যুবকের গুলিতে ইসরাইলের চার নাগরিক নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তেল আবিবের ব্যস্ত সারোনা বিপণি বিতানে এ হামলার ঘটনা ঘটে।
এই বিপণি বিতানটি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদরের খুব নিকটে।
ইসরাইল কর্তৃপক্ষের দাবি, বন্দুকধারীরা পশ্চিম তীরের হেবরন শহরের ইয়াত্তা থেকে এসে এই হামলা চালায়। তারা দুজনই একই পরিবারের সদস্য। পরে তাদের দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
এদের একজন ইসরাইলি নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করে তার অস্ত্রোপচার করা হয়েছে।
ইসরাইলি টিভি চ্যানেল ১০-এ দেয়া সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, বুধবার রাতে একটি রেস্টুরেন্টে তার ছেলের জন্মদিনের পার্টি চলছিল। এ সময় হঠাৎ এক বন্দুকধারীর 'গুলি চালাও' শব্দে আমি পড়িমড়ি করে ছেলেকে নিয়ে ছুটতে থাকি।
মেইটাল শশি নামের ওই প্রত্যক্ষদর্শী নারী আরও জানান, অনেকে বুঝতেই পারেনি কেন তিনি বিদ্যুৎ গতিতে দৌড়াচ্ছিলেন।
পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, গত বছর থেকে ইসরাইলে ফিলিস্তিনিদের হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ সময় আত্মঘাতী বোমা হামলা, গাড়ি বোমা হামলা, ছুড়িকাঘাত সহ আরো বেশ কয়েকভাবে হামলা চালানো হয়েছে। কিন্তু গত কয়েক মাসে এ হামলার পরিমাণ কমে গিয়েছিল।
জেড/কেবি





