তালেবান বাহিনী দ্রুত কাবুল দখল করে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

একসময় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশেষজ্ঞ মনে করেছিলেন, আঞ্চলিক রাজধানীগুলি দখল করলেও এখন কাবুলে ঢুকবে না তালেবান বাহিনী। আলোচনার রাস্তা খোলা রাখবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ভাবনা থেকে সরে গেছেন মার্কিন কর্মকর্তারা।

মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন, আগামী তিন মাসের মধ্যে কাবুল সম্পূর্ণ ভাবে দখল করে নেবে তালেবান বাহিনী। ক্ষমতা সম্পূর্ণভাবে নিজেদের হাতে নেবে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বুধবার (১১ আগস্ট) মাজার-ই-শরিফে গেছিলেন। মাজার-ই-শরিফের সিংহভাগ এখন তালেবানদের দখলে। আফগান বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে। তারই মধ্যে মাজার-ই-শরিফ এয়ারবেসে গিয়ে আফগান সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন গনি। আফগান প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবান বাহিনীর সঙ্গে লড়াইয়ের নতুন ব্লুপ্রিন্ট তৈরি করছে সরকার।

আফগান প্রশাসন যা-ই বলুক, তালেবান বাহিনী তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার (১১ আগস্ট) কুন্দুজ বিমানবন্দর তারা দখল করেছে। তালেবান সূত্র দাবি করেছে, বুধবার উত্তর আফগানিস্তানে আরও দুইটি শহর তারা দখল করেছে।রয়টার্স,এএফপি,এপি/ডয়চে ভেলে

এমবি