বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।

বিবিসির সংগৃহীত সবশেষ তথ্য অনুযায়ী মোট ১৮৮টি দেশ মিলিয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ১ কোটি ১ লাখ ৪৩ হাজার ৭৯৪ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ২ হাজার ৫৫০ ছাড়িয়েছে।

নিউইয়র্ক টাইমসের দেয়া তথ্য অনুযায়ী কোন একটি দেশে কোভিড-১৯এ সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে – মোট আক্রান্ত ২৬,০৪,৯১৫ জন, আর মারা গেছে ১,২৬,১৬১ জন।

দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল, সেখানে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ এমনভাবে বাড়ছে যে এ পর্যন্ত ১৬টি অঙ্গরাজ্য লকডাউন তুলে নেবার পদক্ষেপ নিয়েও আবার পিছিয়ে এসেছে।

সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে আরিজোনা।

আরিজোনার প্রশাসন এর আগে বিধিনিষেধ শিথিল করে অর্থনৈতিক কর্মকান্ড খুলে দেবার কথা জানালেও, সেখানে মাত্র এক দিনে ৩,৮৫৮ জন করোনাভাইরাস সংক্রমিত হবার পর তারা ‘ইউ-টার্ন’ নিয়েছেন।

রাজ্যের গভর্নর নতুন আদেশ দিয়েছেন যে জুলাইয়ের ২৭ তারিখ পর্যন্ত সব বার, নাইটক্লাব, জিম, সিনেমা এবং ওয়াটার পার্ক বন্ধ রাখা হবে।

এর আগে টেক্সাস, ফ্লোরিডা, কানসাস, ওরেগন, ও নিউ জার্সি সহ বেশ কটি রাজ্য কোভিড সংক্রমণ বেড়ে যাবার পর নতুন করে বিধিনিষেধ আরোপ করে।

বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৬৪ জন মারা গেছেন, মোট মারা গেছেন ১৮৪৭। আরো ১৮৪২৬ টি পরীক্ষা করে ৩৬৮২ জন আক্রান্ত বলে পাওয়া গেছে। এপর্যন্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। ৭ লাখ ৬৬ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তথ্য সূত্র- বিবিসি

এমবি