সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ (১৩ মে) বৃহস্পতিবার মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। একইসঙ্গে পশ্চিমা দেশগুলোতেও আজ ঈদুল ফিতর পালন করা হচ্ছে বলে জানা গেছে।

সৌদি ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও অস্ট্রেলিয়াতেও ঈদ উদযাপিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতেও এদিন ঈদ উৎসব পালিত হচ্ছে। তবে করোনা মহামারির কারণে সব দেশেই স্থানীয় বিধিনিষেধ মেনে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, দুবাইয়ের মুসল্লিরা বৃহস্পতিবার সকালে উন্মুক্ত মাঠে ঈদের জামাতে শামিল হয়েছে। করোনা বিধিনিষেধ মেনে এবং নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে তারা জামাতে অংশ নেন। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

তুরস্কে দীর্ঘ ৮৭ বছর পর এবার প্রথমবারের মতো হাজিয়া সোফিয়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আল ওয়াজবাহ ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের জামাতে শামিল হন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ (১৩ মে) বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিনেও বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়।

এমবি