‘মোদি ও অমিত শাহর মাথা কাটলে মিলবে পুরস্কার।’ ঘোষণা উত্তরপ্রদেশের বাগপত জেলার সমাজবাদী পার্টির যুব শাখা সংগঠনের প্রাক্তন সভাপতি তরুণ দেও-র।
কেন্দ্র সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে জেরবার হয়েই নাকি গত ৭ ডিসেম্বর একটি চিঠি লেখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও-য় নিজের লেখা সেই চিঠি পড়ে শুনিয়েছেন তিনি।
তাতে লেখা রয়েছে, ‘নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বি জে পি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
২০০২ সালের গোধরা কাণ্ডের খলনায়কও তাঁরা। কেউ ওঁদের মাথা কাটতে পারলে উপযুক্ত পুরস্কার পাবেন।’
এব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দাদুর বয়সী কাউকে ঘণ্টার পর ঘণ্টা ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখলে মেজাজ ঠিক রাখতে পারেন! মোদিকে কুকথা বলতে ইচ্ছা হয় না! তিনি দেশে জরুরি অবস্থা জারি করেছেন। এই সরকারকে রাখা যায় না।’
এ মাসের শুরুতেই সমাজবাদী পার্টির জেলা সংগঠনগুলিকে বাতিল করেছিলেন স পা-র রাজ্য সভাপতি শিবপাল যাদব। তাই তরুণের মন্তব্যের দায় স পা নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের মুখপাত্র মহম্মদ শাহিদ।
তবে এতে চটে গিয়েছেন বি জে পি-র সাধারণ সম্পাদক বিজয় পাঠক। প্রধানমন্ত্রীর মাথা কাটার ঘোষণা করায় তরুণকে কড়া শাস্তি দিতে হবে বলে দাবি করেছেন।
তরুণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন বাগপতের পুলিস অধ্যক্ষ অজয় শঙ্কর রাই।(সুত্র-আজকাল)
এমবি





