জেনেভা: বিশ্বে এখন 'ক্যান্সারের জোয়ার' বয়ে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সামনের দিনগুলোতে ভয়াবহ রকম বেড়ে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংস্থাটি। খবর বিবিসির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা বিষয়ক অংঙ্গ সংগঠন 'ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার'-এর পরিচালক ড. ক্রিস ওয়াইল্ড এ তথ্য জানিয়েছেন।
বর্তমান বিশ্বে অন্ততপক্ষে এক কোটি ৪০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত। ২০৩৫ সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াতে পারে দুই কোটি ৪০ লাখে। অর্থ্যাৎ মাত্র ২০ বছরের ব্যবধানে ক্যান্সারের রোগীর সংখ্যা অন্তত এক কোটি বৃদ্ধি পাবে।
ক্যান্সারের বিভিন্ন কারণের মধ্যে মদপান, ধূমপান, মুটিয়ে যাওয়াকে প্রধানত দায়ী করেছে ডব্লিউএইচও। এ ছাড়া, নারীদের ক্যান্সারের জন্য বেশি বয়সে সন্তান নেওয়া, সন্তান বেশি না নেওয়া এবং শিশুদেরকে বুকের দুধ পান না করানোকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে।
অন্যদিকে, পরিবেশ দূষণ, রেডিয়েশন এবং কর্মবিমুখতা বা অলসতাকেও ক্যান্সারের জন্য দায়ী করা হয়েছে।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ[/b]