ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তি ঠেকিয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি তার ভাষায় ইরানের পরমাণু কর্মসূচিকে বিপজ্জনক অভিহিত করে বলেছেন, চুক্তি ঠেকাতে যা করা দরকার তিনি তাই করবেন।
গতকাল (রোববার) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, “ইরান ও ছয় জাতিগোষ্ঠী দ্রুত চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে যা ইসরাইলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। তবে এ চুক্তি ব্যর্থ করে দিতে আমরা যেকোনো ব্যবস্থা নিতে দ্বিধা করব না।”
নেতানিয়াহু বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তি হলে ইসরাইলের নিরাপত্তার জন্য তা মারাত্মক বিপদ ডেকে আনবে।
আগামী ৩১ মার্চের মধ্যে এ চুক্তি চূড়ান্ত করার কথা রয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং মার্কিন, রুশ, জার্মান, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনের সঙ্গেও বৈঠক করেছেন জাওয়াদ জারিফ। সূত্র: আইআরবি
ইআর





