থাইল্যান্ডের সামরিক জান্তা জেনারেল প্রাউথ চ্যাং-ওচা গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ২০১৫ সালের অক্টোবর মাসের পর নির্বাচন হবে।
সাপ্তাহিক টিভি ভাষণে তিনি বলেন, আগামী মাসে একটি অন্তবর্তীকালীন সংবিধান গ্রহণ করা হবে। এরপর একটি অস্থায়ী মন্ত্রীসভা আগামী বছরের নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিচালনা করবে।
কয়েক মাসের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পর ২২ মে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা বলে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।
তখন থেকে 'শান্তি ও শৃঙ্খলার জন্য জাতীয় কাউন্সিল' গঠন করে দেশ পরিচালনা করে আসছে সামরিক জান্তা। এই কাউন্সিলটি বলছে, দেশের বিবাদমান রাজনৈতিক দলগুলোর মাঝে তারা হলো একটি নিরপেক্ষ কর্তৃপক্ষ।
সামরিক অভ্যুত্থানের নেতৃত্বদানকারী জেনারেল প্রাথু বলেছেন, যে সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সংবিধানের খসড়া প্রণয়নের জন্য একটি কমিটি করা হবে।
তিনি বলেন, "আমরা এমন একটি নির্বাচন দেখতে চাই যেটা নতুন সংবিধানের অধীনে অনুষ্ঠিত হবে... সেটা হবে অবাধ এবং সুষ্ঠু, যাতে করে এটা পূর্ণাঙ্গ থাই গণতন্ত্রের জন্য একটি দৃঢ় ভিত্তি হতে পারে।" সূত্র: বিবিসি।
২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





