কানাডা সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। কয়েক ঘণ্টা কালো হয়ে ছিল এগুলো।
বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সদস্য ও ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট টনি ক্লিমেন্ট পার্লামেন্টকে জানিয়েছেন, সরকারি ওয়েবসাইটের সার্ভারে বুধবার হামলা চালিয়েছে হ্যাকাররা।
তিনি আরো বলেন, আমি জানি না, কোনো তথ্য-উপাত্ত চুরি হয়েছে কিনা।
অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে অজ্ঞাতনামা একদল হ্যাকার দাবি করেছে, তারা সাইবার হামলা চালিয়েছে। তবে কানাডা সরকার এখনো তাদের পরিচয় উদঘাটন করতে পারেনি।
ক্লিমেন্ট বলেছেন, সার্ভার যাতে ঠিকঠাক কাজ করে, সেজন্য আমরা প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং একই সঙ্গে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছি।
কানাডার সিটিভি জানিয়েছে, বুধবার দুপুর থেকে কালো হয়ে যেতে শুরু করে ওয়েসাইটগুলো। তবে আইটি এক্সপার্টদের তৎপরতায় বেলা ৩টার মধ্যেই কানাডীয় গোয়েন্দা সংস্থা ও পার্লামেন্টের ওয়েবসাইট সচল করা সম্ভব হয়।
এমকে





