মিশরের ফারাও রাজবংশের এক প্রিন্সেসের একটি স্ট্যাচুর (মূর্তি) সন্ধান পেয়েছেন প্রত্মতত্ত্ববিদরা। মাটির নিচ থেকে প্রিন্সেসের মূর্তিটি খুঁড়ে পাওয়া গেছে। শুক্রবার মিশরের প্রত্মতত্ত্ব মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। মিশরের বার্তা সংস্থা মেনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
মূর্তিটি ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপের মেয়ে ইজেটের বলে জানা গেছে। উল্লেখ্য, ইতিহাসে অন্যতম ফারাও রাজা তুতেনখামেন হচ্ছে তৃতীয় আমেনহোতেপের নাতি। অর্থ্যাৎ ইজেট হচ্ছে তুতেনখামেনের ফুফু।
ইজেটের মূর্তিটি তার পিতা তৃতীয় আমেনহোতেপের সমাধিস্থলের কাছেই পাওয়া গেছে। জায়গাটি নীল নদের পশ্চিম তীরে লুক্সর শহরে অবস্থিত। লুক্সর শহরটি মিশরের দক্ষিণাঞ্চলীয় একটি প্রত্নতাত্ত্বিক শহর।
এর মাধ্যমে প্রায় ৩ হাজার ৩৫০ বছর আগে মিশর শাসন করা ফারাওদের সম্পর্কে আরো তথ্য জানা যাবে বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকেরা।
এই নতুন আবিষ্কারের ফলে এটি জানা গেল যে, প্রিন্সেস ইজেট তার বাবা তৃতীয় আমেনহোতেপের সঙ্গে একই সমাধিতে সমাধিস্থ হয়েছিলেন।
স্ট্যাচুটি ১.৭ মিটার লম্বা বলে জানিয়েছেন প্রত্মতত্ত্ববিদেরা। অন্যদিকে, তৃতীয় আমেনহোতেপের মূর্তিটি ১৪ মিটার দীর্ঘ।  
প্রসঙ্গত, ফারাওরা ছিল সূর্যের উপাসক। তৃতীয় আমেনহোতেপের আমলকে মিশরের প্রাচীন ইতিহাসে সাংস্কৃতিক বিপ্লবের সময় বলে ধারণা করা হয়। এ সময়েই তৈরি করা হয় বিশাল বিশাল সব স্ট্যাচু, যা এখন মিশরের প্রত্নতাত্ত্বিক সম্পদ। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]