বিমানে ২৮০ জন যাত্রী নিয়ে দিব্যি ঘুমাচ্ছিলেন পাইলট। আর তার সহকারী পাইলট তখন আইপ্যাডে চ্যাটিংয়ে ব্যস্ত। এমন অবস্থায় বিমানটি পাঁচ হাজার ফুট পর্যন্ত তরঙ্গের মতো উঠা-নামা করছিল।
২৮০ জন যাত্রীর জীবন নিয়ে এমনই ছিনিমিনি খেলেছেন ভারতের একটি যাত্রীবাহী বিমানের প্রধান পাইলট ও তার সহকারী। তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে পাইলট ও তার সহকারীকে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় এই বিমানটি মুম্বাই থেকে ব্রাসেলস হয়ে নিউইয়র্ক যাচ্ছিল। পথে তুরস্কের আকাশে মারাত্মক বিপজ্জনক এ ঘটনা ঘটে। যেকোন মুহূর্তে ঘটতে পারতো ভয়ানক দুর্ঘটনা। তবে, তুরস্কের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর সতর্কতায় বেঁচে গেল ২৮০ জন যাত্রীর জীবন।
বিমানটি তখন তুরস্কের আকাশে ৩৪ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। কিন্তু তা ঘন ঘন উঠা-নামা করছিল। বিষয়টি তুরস্কের এটিসির নজরে আসে। বিমানটি কখনও কখনও ২৯ হাজার ফুট উচ্চতায় নেমে আসছিল। তখন তুরস্কের এটিসি থেকে সতর্কবার্তা পাঠানো হলে সহকারী পাইলট তা দেখতে পান। তিনি তখন প্রধান পাইলটকে সজাগ করে দেন।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় বিমান কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





