এক টিকিটে সাধারণত একবারই খাওয়া যায়। বিশেষ কৌশলে কিংবা কারণে সংখ্যাটা গড়াতে পারে বড়জোড় দু’বারে। কিন্তু ৩০০ বার? তা আবার যেনতেন নয়, বিমানবন্দরে বিশেষ লাউঞ্জে প্রথম শ্রেণীর টিকিট কাটা বিমান-যাত্রীদের খাবার!
হ্যাঁ, এ অবিশ্বাস্য কাজটিই করে বসেছেন চীনের এক নাগরিক। আর ধরা পড়ার পর শাস্তি তো হয়ইনি, উল্টো পুরো টাকা ফেরত দিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছে বিমান সংস্থাটি।
মালয়েশিয়ায় চীনা ভাষায় প্রকাশিত একটি পত্রিকার খবরে জানানো হয়, মাগনা খাবারের লোভ পেয়ে বসেছিল ওই ব্যক্তিকে। তাই একটি টিকিট কেটে ফেলেন তিনি। তারপর ওই এক টিকিটেই একের পর এক চলতে থাকল ভক্ষণ।
ইস্টার্ন চীন এয়ারলাইনে প্রথম শ্রেণীর যাত্রীদের রাতের খাবারের জন্য বাড়তি কোনো অর্থ গুনতে হয় না। চীনের ওই নাগরিক নির্ধারিত তারিখে তার প্রথম শ্রেণীর টিকিট দেখিয়ে জিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের নির্দিষ্ট ওই লাউঞ্জে ঢুকতেন ও রাতের খাবার খেতেন। এরপর বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে তিনি তার ফ্লাইট বাতিল করে অন্য তারিখের জন্য বুকিং দিয়ে চলে আসতেন। পরের দিন তিনি আবার তার নতুন টিকিট দিয়ে লাউঞ্জে গিয়ে একইভাবে খেয়ে টিকিটের তারিখ পরিবর্তন করে চলে আসতেন। এভাবে এক-দুবার নয় ৩০০ বার তিনি একই টিকিটে ভ্রমণের সময় পরিবর্তন করেছেন। সম্প্রতি ইস্টার্ন চীন এয়ারলাইন কর্মকর্তাদের নজরে পড়ে বিষয়টি। তারা দেখেন, এক বছরে ওই ব্যক্তি তার টিকিট ৩০০ বার পুনরায় বুকিং দিয়েছেন। নিউইয়র্ক ডেইলি নিউজকে ওই বিমান সংস্থার কর্মকর্তারা জানান, নিয়মিত এই খাবার খাওয়ার বিষয়টি বন্ধ করার কোনো উপায় তাদের নেই। ঝামেলা থেকে রক্ষা পেতে শেষে কর্তৃপক্ষ ওই ব্যক্তির টিকিট ফেরত নিয়ে তাকে পুরো অর্থ দিয়ে দিয়েছেন।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ / কেবি[/b]