ইবোলা ভাইরাসের সহ-আবিস্কারক বেলজিয়ামের বিজ্ঞানী পিটার পিওট মঙ্গলবার আশঙ্কা ব্যক্ত করেছেন যে, পশ্চিম আফ্রিকায় বর্তমানে যেভাবে ঝড়ের গতিতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাতে এটি নিয়ন্ত্রণহীনভাবে ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।
ফ্রান্সের দৈনিক লিবারেশন ১৯৭৬ সালে ইবোলা ভাইরাসের এই সহ-আবিস্কারকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমরা আগে কখনো এই মাত্রায় ইবোলা মহামারী দেখিনি। গত ছয় মাস ধরে আমরা যা দেখছি তাকে ‘পুরোদস্তুর ঝড়’ বলা যায়। ওখানে এটি ক্রমে আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’
পিওট বলেন, ‘যেসব দেশে কয়েক দশকের গৃহযুদ্ধের কারণে ভেঙে পড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যকর নয় সেখানেই এই মহামারীটি মারাত্মকভাবে ছড়াচ্ছে।’
তিনি বলেন, ‘এছাড়া জনগণ কর্তৃপক্ষ সম্পর্কে গভীরভাবে সন্দিহান, আস্থা অবশ্যই ফেরাতে হবে। আস্থা না ফেরালে ইবোলার মতো মহামারী মোকাবেলায় কিছু করা যাবে না।
পিওট জাতিসংঘ সংস্থা ইউএনএইডস-এর সাবেক প্রধান এবং বর্তমানে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পরিচালক।
সাক্ষাৎকারে পিওট আন্তর্জাতিক সংস্থাগুলোর অস্বাভাবিক ধীরতার সমালোচনা করে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মাত্র জুলাইতে সজাগ হয়েছে।’ অথচ গত বছরের ডিসেম্বর মাসেই এই মহামারীটি শুরু হয়। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা মার্চের গোড়াতেই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, এখন নেতৃত্ব আছে। তবে দেরি হয়ে গেছে।
এ পর্যন্ত ইবোলা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ২৬ শতাধিক রোগীর মধ্যে ১ হাজার ৪শ’ ২৭ জন মারা গেছে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





