বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা দিয়েগো মার‍্যাডোনার মৃত্যুতে স্তব্ধ আর্জেন্টিনা। গতকাল (২৫ নভেম্বর) বুধবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফুটবল জাদুকর।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ফুটবল ইতিহাসের কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনা।

তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টাইন সরকার। খবর বিবিসি’র।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফারনান্দেস এক শোকবার্তায় প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, “তিনি শুধু আমাদের আনন্দই দিয়েছেন। আমরা তার কাছে ঋণী। রাজ্যের সব দুয়ার দিয়েগোর জন্য খোলা।”

এই কিছুদিন আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন কিংবদন্তি গিয়েছিলেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। এরপর বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। সেখানেই মারা যান তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন ম্যারাডোনা। এরপর আর বেঁচে ফিরতে পারেননি তিনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যারাডোনার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে, “আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও সভাপতি ক্লদিও তাপিয়া আমাদের কিংবদন্তি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।”

এমবি