সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার আরেকটি মন্দির আংশিক ধ্বংস করেছে ইসলামিক স্টেট (আইএস)।
আন্দোলনকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বেল নামে ওই মন্দিরটির ঠিক কতটা ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পালমিরার এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, সেখানে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। মন্দিরের ইট ও কলামগুলো একেবারে মাটিতে মিশে গেছে।
মন্দিরটির একটি দেয়াল কোনোমতে টিকে আছে উল্লেখ করে তিনি জানান, প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কানে তালা লেগে গিয়েছিল।
সপ্তাহখানেক আগে আইএস পালমিরার রোমান আমলের মন্দির বালশামিনের ধ্বংসবশেষের ছবি প্রকাশ করেছিল।
চলতি বছরের মে মাসে পালমিরা নিয়ন্ত্রণে নিয়েছে আইএস। সংক্ষরিত এ অঞ্চলটির নিরাপত্তা এরপর থেকেই ঝুঁকির মুখে পড়েছে।
পালমিরার অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পালমিরা সিরিয়ার রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় শহর দেইর-আল-জোওরের মাঝখানে অবস্থিত।
প্রাচীন এই নগরী সাংস্কৃতিকভাবেও গুরুত্বপূর্ণ। এই নগরীকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো। ‘ইচ্ছাকৃতভাবে’ বিশ্ব ঐতিহ্য ধ্বংসকে যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছে জাতিসংঘের সংস্থাটি।
এমকে





